ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামে দুই শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযুক্ত মামাকে আটক করেছে। গুরুতর আহত আরও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের নাম- সায়মা আক্তার (৬) ও তৃপ্তি মনি (৪)। সায়মা নেত্রকোনার বারহাট্টার বড়ইতাতি গ্রামের রাজিবের মেয়ে। আর তৃপ্তি নান্দাইলের কাদিরপুর গ্রামের শিবলু মিয়ার মেয়ে।
সায়মার মা সালমা আক্তার ও তৃপ্তির মা হালিমা আক্তার আপন দুই বোন। তারা আবদুস সালামের মেয়ে।
সালামের ছেলে মাহবুব মিয়া (২০) একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। কিন্তু মানসিকভাবে বেশ কিছুদিন ধরে বিকারগ্রস্ত ছিলেন তিনি।
সোমবার সকালে দুই ভাগনিকে দা'দিয়ে গলা কেটে হত্যা করেন মামা মাহবুব। ওই সময় আহত হয় আরও এক শিশু।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, অভিযুক্ত মামাকে আটক করা হয়েছে।
