গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলাবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ছোট দিঘলীয়া গ্রামের জাকির হোসেন (৫৫) ও নুরুন্নাহার বেগম (৪৫) দম্পতির মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। এই দম্পতির নাসিরউদ্দিন (২০), সিফাতুল্লাহ (১৮), শফিউল্লাহ (১০) ও হালিমা খাতুন (১২) নামে ৪ সন্তান রয়েছে। এদের মধ্যে নাসিরউদ্দিন বরিশালের একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ছোট ভাই শফিউল্লাহ প্রতিবন্ধী।
মঙ্গলবার দুপুর ১২টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে নুরুন্নাহার বেগম বাড়ি থেকে অন্যত্র চলে যান। অপরদিকে জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে যান। এ সময় পারিবারিক কলহ নিয়ে ভাই সিফাতুল্লাহ ও বোন হালিমা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হালিমা খাতুনের গলা কেটে হত্যা করেন।
হালিমা খাতুনের মা নুরুন্নাহার বেগম বলেন, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন সিফাতুল্লাহ, হালিমা ও আমার প্রতিবন্ধী ছেলে শফিউল্লাহ বাড়িতে ছিল। সে সময় পারিবারিক কলহ নিয়ে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হচ্ছিল। আমার ধারণা সিফাতুল্লাহই হালিমাকে হত্যা করেছে।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। আমরা সিফাতউল্লাকে আটকের চেষ্টা করছি। সে বর্তমানে পলাতক রয়েছে। হালিমা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
