যথেষ্ট হয়েছে, এখন ফুল স্টপের সময়: সাকিব ইস্যুতে সুজন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৭:০৬ পিএম

সাকিব আল হাসানকে নিয়ে এক দিন আগেই নিজের বিরক্তির ও কড়া অবস্থানের কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজনও বলে দিলেন এই অলরাউন্ডারকে নিয়ে কড়া অবস্থানের কথা। তার সাফ কথা, ‘সাকিব যদি না খেলে, না খেলুক… আই ডোন্ট কেয়ার।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। দলও ঘোষণা হয়ে গেছে।

কিন্তু গত রবিবার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে সাকিব সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন’। আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন সাকিব। আপাতত বিরতি নিয়ে চাঙা হয়ে ফিরতে চান বলে জানান।

দল ঘোষণা হয়ে যাওয়ার পর হুট করেই সাকিবের এই কথা ভালোভাবে নেয়নি বিসিবি। আগেও একাধিক সিরিজের আগে সাকিব হুট করেই বিরতি নিয়েছেন। অনেক আলোচনা সমালোচনা হয়েছে সে সব নিয়ে। বিসিবি সভাপতি বলেছেন, ‘এসব আগে বললে কোনো সমস্যা হতো না। কিন্তু হুট করে কেন?’

জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ ও বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজনও একই কথা বললেন। সঙ্গে উল্লেখ করলেন তাদের কড়া অবস্থানের কথা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘আমার কথা হচ্ছে, এখানে অনুরোধের কিছু নেই। সাকিব খেলতে চাইলে সে যাবে। না চাইলে যাবে না। কিন্তু সময় হয়েছে, এটার একটা ফুল স্টপ করা উচিত। বোর্ড থেকে ফুল স্টপ করা উচিত।’

‘বারবার এটা হতে পারে না যে আমি চাইলাম না, খেললাম না। আবার চাইলাম তো খেললাম। এটা হতে পারে না। ফুল স্টপের সময় এসেছে। যথেষ্ট হয়েছে। ইউ কান নট ডিকটেট বিসিবি। বিরতি চাইলে বিরতি নাও। প্রেসিডেন্টও বলতে চায় এভাবে। হয়তো বা উনি একটু আস্তে বলছেন, আমি একটু জোরে বললাম।’

দক্ষিণ আফ্রিকায় সাকিবের খেলা না খেলা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। আইপিএলে খেলবেন বলে এই সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আইপিএলে দল পাননি এই অলরাউন্ডার। পরে আফগানিস্তান সিরিজের মাঝপথে বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় দুই ফরম্যাটেই খেলবেন সাকিব। যদিও সাকিব নিজে নীরব ছিলেন এ ব্যাপারে। পরে সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজর দল ঘোষণা করে বিসিবি। ১২ মার্চ দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের।

কিন্তু এর আগে হুট করেই সাকিব বিরতি নিতে চাইছেন। সাকিব দেশ ছাড়ার আগে জানান, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাপ করেছেন তিনি। দুই দিন তাকে ভাবার সময় দেওয়া হয়েছে।

খালেদ মাহমুদ সুজন বললেন, ‘সাকিব ফেরার পর (দুবাই থেকে) কথা বলে যদি সফরে যায় তো ভালো, না গেলেও সমস্যা নেই। এটা বড় ব্যাপার নয়। কারও জন্য বাংলাদেশ ক্রিকেট বসে থাকবে, এটা ভাবা ভুল।’

সাকিব ফেরার পর তার ভাবনা জেনে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে বলেই উল্লেখ করেন সুজন, ‘(লাস্ট কল) অবশ্যই বিসিবি নেবে। বিসিবির প্রোডাক্ট ওরা, বিসিবি ওদের প্রোডাক্ট নয়। বিসিবি কোনো ব্যক্তির জন্য নয়, বিসিবির জন্যই ওরা।’

যোগ করেন, ‘নিশ্চিতভাবেই ওরা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু এই স্টেকহোল্ডারের জন্য তো বিসিবির অনেক বিনিয়োগ ছিল। সেই অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭… তাদেরকে গড়ে তোলা, তাদের পেছনে তো বিসিবি অনেক খরচ করেছে সেই সময়। বিসিবি তো তাদের অভিভাবক। আমাদের সবার অভিভাবক বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আমরা কেউ নই। তারাও নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত