বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াডটাই ধরে রেখেছে প্রোটিয়ারা। শুধু ফিটনেস টেস্টে উতরাতে না পারায় বাদ পড়েছেন অলরাউন্ডার সিসান্ডা মাগালা।
আরনিখ নরকিয়া অনেক দিন ধরেই দলের বাইরে ফিটনেস সমস্যায়। বাংলাদেশের বিপক্ষেও নেই তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ ১৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। এর তিন দিন পরই শুরু হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল।
জনপ্রিয় এই আসরে বিভিন্ন দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ১১ জন ক্রিকেটার। এদের আটজনই রয়েছেন টাইগারদের বিপক্ষে স্কোয়াডে।
এরা হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন।
১৮ মার্চ প্রথম ওয়ানডে হবে সেঞ্চুরিয়নে। ২০ মার্চ জোহানেসবার্গে হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ মার্চ সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। ৩১ মার্চ থেকে প্রথম টেস্ট হবে ডারবানে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট হবে পোর্ট এলিজাবেথে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।
