ধামরাইয়ে তুলার গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:১৬ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজার এলাকায় বদির উদ্দিনের তুলার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজার এলাকায় একটি টিনের তৈরি তুলার গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ধামরাই ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ধামরাইয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তুলা বানানোর কারখানাটির দুটি টিনের ঘর, তুলা বানানোর মেশিন ও তুলা পুড়ে যায়।

তুলার গোডাউনের মালিক বদির উদ্দিন বলেন, গোডাউনের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কর্মরত কোনো শ্রমিকের বা পাশের দোকানের ক্ষতি হয়নি।

image

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ইউনিটের টানা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মেশিনের ঘর্ষণজনিত কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত