নারী দিবস উপলক্ষে প্রচারিত হচ্ছে ফারিন অভিনীত একটি ওভিসি। বিশেষ ওভিসিটি তৈরি করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-খ্যাত নির্মাতা আবু রায়হান জুয়েল। এখানে পর্বতারোহী হিসেবে দেখা যাচ্ছে ফারিন খানকে। পর্বতারোহীর ভূমিকায় কাজ করতে গিয়ে ছোটখাটো ইনজুরিতেও পড়তে হয়েছে তাকে।
ফারিন বলেন, ‘এর আগে কখনো এত উঁচুতে উঠি নাই। মাত্র ১০ মিনিটের প্র্যাকটিসে পাহাড়ে উঠার সাহস করি। চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকায় ওভিসিটির শুটিং হয়। বেশ চ্যালেঞ্জিং ছিল, তারপরও উৎরে গেছি।’
ফারিন আরও বলেন, ‘এর আগে যেহেতু এতটা উচুতে কখনো উঠিনি ফলে কাজটা করা বেশ কঠিন ছিল। মাঝে দুইবার ৩০ ফুট উপর থেকে পড়েও যাচ্ছিলাম। কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি। অবশ্য হাত পায়ে ছিলে গেছে। এখনো ব্যথা কমেনি।’
ফারিন খান প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ আছেন। ৭ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পুরো ভিডিওটি সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিনের। এরপর আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজ করছেন শাপলা মিডিয়ার ১০০ চলচ্চিত্র প্রজেক্টেও।
