ফেসবুকে পরিচয় ও প্রেমের পর এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন লিপি বেগম (২৭) এবং তার বোন সীমা বেগম (২৫)।
এ সময় অপহৃত তরুণ সোলায়মান হককে (২৪) উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ এসব তথ্য জানান।
শ্যামলেন্দু ঘোষ জানান, মঙ্গলবার দুপুরে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানায় তার বন্ধু সোলামান বান্ধবীর সঙ্গে দেখা করতে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়েছিল। সেখানে যাওয়ার পর তার বন্ধুর ফোন থেকে তাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেয়া হয়। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ সময় অপহরণকারীরা মোবাইলে তার বন্ধুকে মারধরের শব্দ শুনান।
তিনি আরো বলেন, তবে আটক হওয়ার আগে তার বন্ধু হোয়াটসঅ্যাপে তার অবস্থান গুগল ম্যাপে পাঠিয়েছে। সে অনুযায়ী কলার জানান, তার বন্ধু আশুলিয়ার বাইপাইল ন্যাশনাল ব্যাংকের পেছনে একটি ভবনে আটক আছেন।
পুলিশ জানায়, ৯৯৯-এর কলটি কনস্টেবল মো. রেজোয়ান মিয়া রিসিভ করেছিলেন। কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিক আশুলিয়া থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানান। এ সময় তিনি কনফারেন্সের মাধ্যমে কথা বলিয়ে দেন। পরে ৯৯৯ এর এসআই শাহরিয়ার রুবেল কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। খবর পেয়ে আশুলিয়া থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি চিহ্নিত করেন। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে অপহৃত সোলায়মান হককে (২৪) উদ্ধার করা হয় এবং দুই বোনকে আটক করা হয়। পরে ওই তরুণ এ ঘটনায় মামলা করেন।
