চট্টগ্রামে যুবদলের নেতা কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মহানগর যুবদল।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নাসিমন ভবনে বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার কার্যালয়ে একটি সভা করে মহানগর যুবদল। সভা শেষে নেতা কর্মীরা কাজীর দেউড়ির রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
যুবদল নেতাদের অভিযোগ, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই পুলিশ তাদের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোহেল ভাই (বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল) সভা শেষে বিদায় নিচ্ছিলেন। এ সময় সেখানে আমাদের নেতা কর্মীরা অপেক্ষা করছিলেন। তখন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে।’
এ ঘটনায় যুবদলের অন্তত ২০ জন নেতা কর্মী আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান যুবদল সভাপতি মোশাররফ।
যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশ যুবদলের নেতা কর্মীদের ওপর হামলা করেনি। তারা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয়। তাই আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছিলাম। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেনি।
এর আগে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অবৈধ মূল্যবৃদ্ধির জন্য সরকার ও ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন।
