রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৩৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফিকে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার রাজশাহী র‌্যাব-৫ এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার খোজাপুর এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে সালাউদ্দীন বাপ্পী (২৭) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে নবাব শরীফ (২৭)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সালাউদ্দীন বাপ্পী রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নবাব শরীফ একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। দু'জনেই 'উগ্রবাদী' রাজনৈতিক দলে সক্রিয়। দুজনের নামেই 'সন্ত্রাসী' কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা নাফির ওপর হামলার দায় স্বীকারও করেছেন। তাদেরকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার 'এন.আর' ছাত্রাবাসে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয় সাফফাত নায়েম নাফিকে।

এ ঘটনায় তার সহপাঠী শরিফুল পরদিন মতিহার থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলার দিনই মতিহার থানা-পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত