বাড়তি মুনাফার জন্য নিত্যপণ্যের মজুত গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৫:০৪ পিএম

সয়াবিন তেলসহ সব ধরনের নিত্যপণ্যের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের একচেটিয়া ব্যবসা এবং বাড়তি মুনাফা অর্জনের জন্য পণ্য মজুত করা গ্রহণযোগ্য নয়।

রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বাজারে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের জন্য মনিটরিং সেল গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির সময় এ কথা বলেন।

আদালত বলেন, কিছু ব্যক্তি তাদের প্রয়োজনের চেয়ে বেশি সয়াবিন তেল ক্রয় করেন, যা বাজারে দাম বৃদ্ধির কারণ হতে পারে।

রিট আবেদনকারী আইনজীবীদের রিট আবেদনটিকে সংশোধন করার নির্দেশ দিয়ে আদালত জানান, তারা এমন একটি নির্দেশনা পাশ করবেন যেটা মানুষের উপকারে আসবে।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবির ও মোহাম্মদ উল্লাহ জনস্বার্থে রিট আবেদনটি জমা দেন।

গত ৩ মার্চ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক প্রতিবেদনের সূত্রে তারা এই রিট আবেদন করেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দেশে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী, ২ মার্চ ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৭৫ টাকা, যেটি সরকারের নির্ধারিত দাম ১৪৩ টাকার চেয়ে ২২ শতাংশ বেশি।

৫ লিটারের তেলের বোতল বিক্রি হচ্ছে ৮৩০ টাকায়, যা সরকারের নির্ধারিত মূল্য ৭৯৫ টাকার চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেশি। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম খোলা বাজারের চেয়ে ১০ টাকা কম।

ফলে বাজারের সব খুচরা বিক্রেতা বোতল থেকে তেল বের করে তা খুচরা আকারে বিক্রি শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত