ঝিনাইদহে হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম

ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে খাজুরা গ্রামের পশ্চিমপাড়ায় প্রকাশ্যে আবন হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার বিকেলে ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের বটতলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবন হোসেন ওই গ্রামের সালামত মণ্ডলের ছেলে ও পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ শহরের পৌরসভার মধ্যে খাজুরা গ্রামের পশ্চিমপাড়ায় আবন হোসেনের সঙ্গে একই গ্রামের মঙ্গল মণ্ডলের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার রাতে মঙ্গল মণ্ডলের সমর্থক শাহীন অসৎ উদ্দেশ্যে এক নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাকে মারধর করে। তারই জের ধরে মঙ্গল মণ্ডলের সমর্থকেরা আবনকে মারধর করার উদ্দেশ্যে খাজুরা গ্রামের রাস্তার পাশে ওত পেতে থাকে।

দুপুরের দিকে আবন ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিল। সেসময় অবন ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলেই আবনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, ২০২০ সালের ১০ জুন জাহিদের নেতৃত্বে বিএনপি থেকে আ. লীগে যোগদানকে কেন্দ্র করে রাতে আবন সমর্থিত গ্রুপের হাতে একই গ্রামের গোলাম বারীর ছেলে ফারুক আহত হন। পরদিন সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফারুক হত্যার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিছুদিন আগে খাজুরা গ্রামে ফারুক হোসেন নামে একজন খুন হয়। সেই খুনের ঘটনায় নিহত আবন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত