সুদের টাকার জন্য লাঞ্ছিত-ঘরে তালার হুমকি, শ্রমিকের আত্মহত্যা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৮:২৭ পিএম

সুদের টাকার জন্য জনসম্মুখে লাঞ্ছিত ও বসতঘরে তালাবদ্ধের হুমকির অপমান সইতে না পেরে বিমল বাছার (৩৫) নামের তিন সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিমল বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মৃত শ্রীচরণ বাছারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। ঘটনার পরপরই অভিযুক্ত সুদি মহাজন সোহেল চৌকিদার সপরিবারে আত্মগোপনে গেছেন।

নিহতের বড় ভাই বাবুল বাছার জানান, করোনার সময় কাজ না পেয়ে তার ভাই দিনমজুর বিমল বাছার চড়া সুদে টাকা নেন একই গ্রামের সুদি মহাজন সোহেল চৌকিদারের কাছে। গত শুক্রবার রাতে সেই টাকা উত্তোলনের জন্য সহযোগীদের নিয়ে বিমলের বাড়িতে আসেন সোহেল। এ সময় বিমলকে লাঞ্ছিত করে পরিবারের নারী সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেন তিনি।

বাবুল বাছার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের সামনে লাঞ্ছিত ও অশালীন ভাষায় গালিগালাজের অপমান সইতে না পেরে আমার ভাই ওই দিন গভীর রাতে বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

অভিযুক্ত সোহেল চৌকিদারের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত