পোলট্রি শিল্পে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন প্রান্তিক খামারিরা। গতকাল রবিবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের টেবুনিয়া বাজারে এ মানববন্ধনে শতাধিক খামারি অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পোলট্রি খাতে মুরগির বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে। মাত্র এক বছরের মধ্যেই ৫০ কেজির প্রতিবস্তা খাদ্যের দাম ১৭০০ টাকা থেকে বেড়ে ২৪০০ টাকায় ঠেকেছে। এতে উৎপাদন খরচ বাড়লেও, আনুপাতিক হারে বাড়েনি ব্রয়লার মুরগি ও ডিমের দাম।
পোলট্রি খামারি রোকনুজ্জামান বলেন, প্রতিকেজি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় কমপক্ষে ১৬০ টাকা, বর্তমান বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১২০ টাকা। কোম্পানিগুলো নিম্নমানের বাচ্চা সরবরাহ করায়, খামারে প্রায়ই মুরগি মারা যায়। খাদ্যের মানও খুবই খারাপ। ফলে সবদিক থেকেই আমাদের লোকসান হচ্ছে।
সদর উপজেলা প্রান্তিক পোলট্রি খামারি সমিতির আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, ৫০ কেজি ওজনের প্রতিবস্তা খাদ্য ১৮০০ টাকার মধ্যে রাখতে হবে। পাশাপাশি, প্রান্তিক খামারিদের সহজ শর্তে ঋণসহ কয়েকটি দাবি তুলে ধরেছি।
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন ম-ল বলেন, বাজারে খাদ্য ও বাচ্চার চাহিদা বাড়লে দাম বাড়ে, এটি ওঠানামাও করে। তবে নিম্নমানের খাদ্য ও বাচ্চার বিষয়টি আমরা মনিটরিং করছি। সরকার প্রান্তিক খামারিদের প্রতি আন্তরিক। খামারিদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
