সাভারে আমিন বাজার বড়দেশী এলাকায় ৬ জন কলেজছাত্র হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ঢাকার সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়া এলাকার বাসিন্দা জমসের আলী (৪৪)।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামি জমসের আলী সকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তার প্রেশার খুবই কম পান। তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জমসের আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি সাভারের আমিন বাজার এলাকায় ৬ জন কলেজছাত্র হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে এ কারাগারে বন্দী ছিলেন। কারাগারে তার হাজতি নং-৫১৯১/এ। তাকে ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
