এবার আট দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:৪৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর মার্চে হয়েছিল প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। এর ধারাবাহিকতায় ১৯ থেকে ২৪ মার্চ বসতে যাচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মোট ৮টি দল। এশিয়ার মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ইউরোপের ইংল্যান্ড এবং আফ্রিকা মহাদেশের কেনিয়া। অংশগ্রহণকারী দলগুলো আগামী ১৬ ও ১৭ মার্চ ঢাকায় পৌঁছাবে।

২০২১ সালের আগে কাবাডি ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। সোমবার এক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মুজিব শতবর্ষ সামনে রেখে গত বছর আমরা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। করোনার কারণে সে সময় অনেক বিধি-নিষেধ, নির্দেশনা মেনে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছিল।’

‘ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায়নি। এবার করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় আমরা টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখেছি, এর কলেবরও বৃদ্ধি করেছি। আশা করি এবার আরো আকর্ষণীয় ও জমজমাট আসর হবে। গত বার টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচটি দেশ, এবার দল সংখ্যা বেড়ে আটটি হয়েছে।’

দল সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতাও বেশি। প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। বলেন, ‘টুর্নামেন্ট মানেই চ্যালেঞ্জ। গতবার কেনিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবারও চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়েছি, আমাদের আত্মবিশ্বাস আছে, আশা করি পারব।’

গতবার শিরোপায় বড় ভূমিকা ছিল মাসুদ করিমের। তিনি চোটে থাকায় দলে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তুহিন বলেন, ‘নিঃসন্দেহে সে আমাদের দলের অন্যতম খেলোয়াড়। তাকে আমরা মিস করলেও অন্যরা সবাই মিলে তার অভাব পূরণ করে দলকে সফল করব।’

চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমস। চীনের হাংঝুতে এশিয়ান গেমসের আগে এ টুর্নামেন্টকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন তুহিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত