পৌরসভার সহকারী প্রকৌশলীকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিলেন কর্মচারী!

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:০৮ পিএম

সিরাজগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রবিউল কবিরকে (৪০) অফিস কক্ষে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন মো. মনোয়ার হোসেন (৩১) নামে এক চুক্তিভিত্তিক পৌর কর্মচারী। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাটি জানাজানি হলে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চলছে নানা আলোচনা বিশ্লেষণ।

অভিযুক্ত মনোয়ার হোসেন শহরের জেসি রোড ধানবান্ধী মহল্লার মো. খবির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১২ মার্চ) রাত ৭টার দিকে সিরাজগঞ্জ পৌরসভায় নিজ কক্ষে টিসিবির তালিকা তৈরি করছিলেন সহকারী প্রকৌশলী রবিউল

কবির। একপর্যায়ে মনোয়ার হোসেন অফিস কক্ষে প্রবেশ করে কোমর থেকে পিস্তল বের করে রবিউলের দিকে উঁচিয়ে হত্যার হুমকি দেয়। রবিউলের চিৎকারে আশপাশের কক্ষ থেকে সবাই বেরিয়ে আসে।

এ বিষয়ে সহকারী প্রকৌশলী রবিউল কবির বলেন, পৌরসভায় নিজ কক্ষে শনিবার রাত ৭টার দিকে কম্পিউটারে টিসিবির তালিকা তৈরি করছিলাম। এ সময় মনোয়ার কোমর থেকে একটি পিস্তল ও একটি ধারালো চাকু বের করে আমাকে হত্যার হুমকি দেয়।

তিনি বলেন, মনোয়ার সিরাজগঞ্জ পৌরসভার একজন চুক্তিভিত্তিক কর্মচারী। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কী কারণে সে আমাকে মারতে চায় তাও আমি জানি না। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় লিখিত অভিযোগ করি।

অভিযুক্ত মনোয়ারকে ফোনে বেশ কয়েকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, মনোয়ার একজন চুক্তিভিত্তিক কর্মচারী। সে পৌরসভার ভেতরে এসে পিস্তল বের করে হত্যার হুমকি দেবে এটা দুঃখজনক। আমি সহকারী প্রকৌশলীকে দিয়ে থানায় অভিযোগ দিয়েছি। মনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল কবির নিজেই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত