অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ইসরায়েলি সীমান্ত পুলিশ গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। ইসরায়েলের পুলিশ বলেছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় এক বন্দুকধারী আন্ডারকাভার কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে নিবৃত্ত করতে গুলি চালানো হয়। পৃথক ঘটনায় জেরুজালেমের কাছে একটি শরণার্থী শিবিরে গ্রেপ্তার অভিযান চালানোর সময় শত শত ফিলিস্তিনির বিক্ষোভের মুখে পড়ে ইসরায়েলি সীমান্ত পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের ভারী বস্তু নিক্ষেপ করে। পরে পুলিশের গুলিতে সেখানে এক ফিলিস্তিনির প্রাণহানি ঘটে।
×
