বাংলাদেশের বিপক্ষে টেস্ট নয়, আইপিএল খেলতে চান রাবাদারা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০১:২১ এএম

কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান না। ওই সময়ে আইপিএলে অংশ নিতে চান তারা।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। এর আগে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে তিনটিতেই তারকা খেলোয়াড়রা থাকবেন।

তবে ক্রিকইনফো জানাচ্ছে, রাবাদা ও এনগিদির সঙ্গে মার্কো জানসেন টেস্ট সিরিজে না খেলে আইপিএল খেলতে চাইছেন।

আইপিএল শুরু হবে ২৬ মার্চ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডের যারা আইপিএলে দল পেয়েছেন, তারা শুরু থেকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না।

তবে ওয়ানডে সিরিজে খেললেও আইপিএলে না খেলে টেস্টে খেলতে চাইছেন না রাবাদারা।

ভারতের বিপক্ষে সিরিজে আলো কাড়া জানসেনকে নিলাম থেকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংস ধরে রেখেছে রাবাদাকে। লুঙ্গি এনগিদি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

চোটের কারণে লম্বা সময়ে ধরে মাঠের বাইরে আনরিক নরকিয়া। বাংলাদেশের বিপক্ষে তাকে এমনিতেই না পাওয়ার সম্ভাবনা প্রবল। গতিময় এই পেসারের আইপিএল খেলা নিয়েও আছে শঙ্কা। তাকে মেগা নিলামের আগে ধরে রাখে দিল্লি।

এ ছাড়া রাসি ফন ডার ডাসেন, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াসকেও হয়তো পাবে না দক্ষিণ আফ্রিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত