খোরশেদ জাদুতে ওমান জয়

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:০৮ এএম

এএইচএফ কাপের টপ ফেভারিট বাংলাদেশ। তিনবারের শিরোপাজয়ী। এবার ইন্দোনেশিয়ায় গিয়েছে একই লক্ষ্য নিয়ে। এই লক্ষ্যে তাদের সবচেয়ে বড় বাধা ওমান। ধারণ করা হচ্ছে, ফাইনালে ওমানকেই পাবে বাংলাদেশ। তার আগে অবশ্য ফাইনাল ড্রেস রিহার্সাল সেরে নিয়েছে দু’দল। পুল বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দল দু’টি কাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করে বাংলাদেশকে জয়ের ধারায় রেখেছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট খোরশেদুর রহমান।

জাকার্তার জেবিকে হকি ফিল্ডে প্রথম কোয়ার্টারে খোরশেদের পিসি থেকে লক্ষ্যভেদে লিড নিয়েছিল বাংলাদেশ। নিজেদের ভুলে এরপর পিছিয়ে পড়তে হয় তাদের। তবে শেষ কোয়ার্টারে ঝলক দেখান খোরশেদ। পিসি থেকে তার আরও দু’টি সফল লক্ষ্যভেদ দারুণ জয় নিশ্চিত করে বাংলাদেশের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশটা ছিল শেষ হুইসেলের পরও। ওমানের কিছু খেলোয়াড়কে দেখা যায় খোরশেদ রাসেল মাহমুদ জিমিসহ বাংলাদেশ ক’জন খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করতে। যদিও জয় নিশ্চিত হওয়ায় মেজাজ হারাননি বাংলাদেশের খেলোয়াড়রা। টানা চার জয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে পুল বি চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। ওমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে গেছে শেষ চারে।

শনিবার প্রথম সেমি ফাইনালে বাংলাদেশ খেলবে পুল ‘এ’র রানার্সআপ কাজাখস্তানের সঙ্গে। অন্য সেমিতে ওমানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনাল হবে রবিবার। এই আসরের সেরা তিন দল আগামী এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত