স্ত্রীর পাশে সমাহিত হবেন সাহাবুদ্দীন আহমদ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০১:২৪ পিএম

বনানী কবরস্থানে স্ত্রী আনোয়ারা আহমদের কবরের পাশে রবিবার সমাহিত করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে রবিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাঁ মাঠে। এরপর বনানী কবরস্থানে নেওয়া হবে মরদেহ।

সাহাবুদ্দীন আহমদ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

নব্বইয়ের আন্দোলনে স্বৈরশাসক এইচ এম এরশাদ সরকারের পতনের পর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

পরবর্তীতে তার নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়।

নির্বাচনের পর দেশের সংবিধানে পরিবর্তন এনে তিনি আবার প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

এরপর গুলশানের বাসভবনে অনেকটা নিভৃত জীবনযাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত