নড়াইলের মহিলা সমাবেশের মঞ্চে নেই কোনো নারী!

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৮:৫২ পিএম

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর মহাশ্মশান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে আড়াইশর মতো নারী অংশগ্রহণ করলেও মঞ্চে কোনো নারীকে দেখা যায়নি।

এ বিষয়ে মহিলা সমাবেশে অতিথি হিসেবে কোনো নারীকে রাখা হয়নি এমন প্রশ্নের জবাবে জেলা তথ্য অফিসার মো. ইব্রাহিম আল মামুন বলেন, মহিলা সমাবেশটি শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে হয়েছে। যাতায়াতের সমস্যার কারনে কোনো নারী অতিথি রাখা হয়নি। তবে একজন নারী শিক্ষককে অতিথি হিসেবে বক্তব্য দেয়া হয়েছে। গত ১৬ মার্চ নড়াইল সরকারী গণগ্রন্থাগারে অপর একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে একজন নারী নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা ছিলেন। আগামীতে বিষয়টি আরো গুরুত্বের সাথে দেখা হবে।

জেলা তথ্য অফিসার মো. ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান পিপিএম, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মামুনুর রশীদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক তাজমুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, আগদিয়ার চর সনাতন মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার স্যান্যাল, সাধারণ সম্পাদক সুকুমার হাজরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহরের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নারীদের অংশগ্রহণের বিকল্প নেই। বাংলাদেশ যে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে, সেখানে গ্রামীণ নারীদের ভূমিকা অগ্রগণ্য।’

সমাবেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি আড়াই শতাধিক মহিলা অংশগ্রহণ করে। এ সময় নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে স্থানীয় শিশু-কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত