দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:১১ এএম

জাতিসংঘের সুখ সূচকই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সুখী ইনডেক্সে সাত ধাপ এগিয়েছে। আগে ১০১তম ছিল, এখন ৭ ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উন্নীত হয়েছে; যেখানে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের অবস্থান ১২১।’

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই করোনা মহামারীর মধ্যে যখন বিশ্ব অর্থনীতি প্রচন্ড চাপের মধ্যে আছে, অনেকের মতে বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, সেই সময়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তার সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে সুখ-সমৃদ্ধি বেড়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে বাংলাদেশের ৭ ধাপ অগ্রগতিই তার প্রমাণ। তা ছাড়া, যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকত, দেশবিরোধী অপপ্রচার না চালাত এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় নিয়োজিত না থাকত, তাহলে মানুষের সুখ-সমৃদ্ধি আরও বাড়ত, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আমরা আরও এগোতে পারতাম, কারণ এই সূচকের অন্যতম বিষয় হচ্ছে মানুষ নিজেকে সুখী মনে করছে কি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত