রমজানে ২ কোটি জাল টাকা ছাড়ার পরিকল্পনা, গ্রেপ্তার ৭

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:১৪ এএম

আসন্ন রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো ইমরান হোসেন, মিলন হোসাইন, ইলিয়াস মিয়া, সবুজ আহাম্মেদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলিফ ও মহিবুর রহমান মনির। তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, আঠা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির কাগজ ও নিরাপত্তা সুতার বান্ডিল জব্দ করা হয়।

ডেমরা থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, চক্রটি কয়েক বছর ধরে জাল নোট তৈরির সঙ্গে জড়িত। চলতি মাসে সারুলিয়ায় ইন্টারনেট ব্যবসার কথা বলে বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারখানা খুলে বসে তারা। রাজধানীর মিরপুর, উত্তরা, লালবাগ, ডেমরা এলাকায় চক্রের এজেন্ট রয়েছে। প্রতি রাতে ২ লাখ টাকার সমপরিমাণ জাল নোট তৈরি করতে সক্ষম তারা। জাল নোট তৈরির জন্য তারা অ্যাপস ব্যবহার করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত