নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা মনোয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর রাতে শহরতলীর ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচন্না খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ মার্চ ঢাকা থেকে চিকিৎসা শেষে লঞ্চে তার স্বামী ইসাহাক মোল্লার সঙ্গে পটুয়াখালী আসেন। ১৯ মার্চ শেষ বিকেলে শহরের সবুজবাগ ২নং লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম।
অনেক খোঁজাখুঁজির পরে কোথায় না পেয়ে তার স্বামী পটুয়াখালী সদর থানা-পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানান।
পরে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ২ বছর আগে করোনায় তার ছেলের অকাল মৃত্যুর পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন।
পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন মনোয়ারা বেগম।
২০২০ সালে তিনি অবসর গ্রহণ করেন। তার স্বামী মো. ইসাহাক মোল্লা পটুয়াখালী করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এই বিষয় নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
