চট্টগ্রামে ডিলারের গুদামে র‌্যাবের অভিযান, বিপুল টিসিবি পণ্য জব্দ

আপডেট : ২২ মার্চ ২০২২, ০১:২৭ পিএম

নায্যমূল্যে খোলা বাজারে বিক্রির জন্য টিসিবির বরাদ্দ পণ্য অবৈধভাবে মজুদের খবর পেয়ে চট্টগ্রামের এক ডিলারের গুদামে অভিযান চালিয়েছে র‌্যাব।

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় এই অভিযানে বিপুল পরিমাণ তেল, ডাল ও চিনি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টিসিবির ডিলার মো. রাশেদের গুদামে র‍্যাব সদস্যরা অভিযান চালায়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, টিসিবির ডিলার রাশেদ নায্যমূল্যে বিক্রির জন্য নেওয়া পণ্য ‘অবৈধভাবে’ ওই গুদামে মজুদ করছিলেন। সেখানে দুই হাজার লিটারের মতো সয়াবিন তেল, হাজার কেজির ওপর ডাল ও চিনি পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ চাল পাওয়া গেছে, সেগুলো টিসিবির বরাদ্দ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, আমরা জানতে পেরেছি. টিসিবির ডিলার রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনকে বিক্রি করত। এছাড়া টিসিবির বরাদ্দ দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করত। এসব পণ্য কীভাবে, কেন গুদামজাত করা হয়েছে, তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত