রুশ সামরিক অভিযানের জেরে শরণার্থী হওয়া ইউক্রেনীয়দের জন্য তহবিল গঠন করতে নিজের নোবেল পদক দান করছেন ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং রাশিয়ার নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ। গতকাল মঙ্গলবার নিজ পত্রিকায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
এদিন নাভায়া গেজেটায় নিজ নামে প্রকাশিত এক নিবন্ধে মুরাতভ বলেন, ‘গত কয়েক সপ্তাহে ইউক্রেনে ১ কোটিরও বেশি মানুষ শরণার্থী হয়েছেন। এই পরিস্থিতিতে নাভায়া গেজেটা ও আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি এবং এই উদ্দেশ্যে ২০২১ সালে প্রাপ্ত নোবেল পুরস্কারের পদক বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির টাকা তহবিলে যোগ করা হবে। ইতিমধ্যে কয়েকটি নিলাম সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে এই পদকটি নিলামে তোলার জন্য আহ্বান জানিয়েছি।’ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়া। ইতিমধ্যে এই অভিযানে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ এবং রাশিয়ার ওপর একরাশ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রুশ সরকারের সমালোচক হিসেবে পরিচিত দিমিত্রি মুরাতভ ও নাভায়া গেজেটা ইতিমধ্যে তাদের প্রকাশিত নিবন্ধে বলেছে, ইউক্রেনে এই মুহূর্তে ৫টি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত রাশিয়ার।
