গত সোমবার কমসোমলস্কায়া প্রাভদা নামে রাশিয়ার একটি সরকারপন্থী সংবাদমাধ্যমে ইউক্রেনে রাশিয়ার ৯৮৬১ জন সৈন্য নিহত এবং ১৬,১৫৩ জন আহত হয়েছেন বলে খবর প্রকাশ করতেই চাঞ্চল্য তৈরি হয়।
পরিস্থিতি সামলাতে ওয়েবসাইট থেকে দ্রুত সেই খবর সরিয়ে নেওয়া হয়। কিন্তু তত ক্ষণে সেই খবরের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে চারদিকে।
পরে সংবাদ মাধ্যমটি দাবি করে যে, তাদের ওয়েবসাইট হ্যাক করে ভুয়া খবর প্রচার করেছিল দূর্বৃত্তরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চের শুরুর দিকে ৪৯৮ জন রুশ সেনা নিহত এবং ১৫০০ জন আহত হওয়ার কথা স্বীকার করেছিল।
তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন শীর্ষ জেনারেলও রয়েছেন।
গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস বলেছে যে, মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যে সংখ্যা ইরাক ও আফগানিস্তানে ২০ বছরে নিহত মার্কিন সৈন্যের চেয়েও বেশি।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইউক্রেনে রাশিয়ার ৩ হাজার থেকে ১০ হাজার সেনা নিহত হয়েছে।
এমন প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, ইউক্রেনে আসলেই কতজন রুশ সেনা নিহত হয়েছেন?
সমালোচকরা বলছেন যে, এক্ষেত্রে রাশিয়ার সরকারী সংখ্যাকে সন্দেহের সঙ্গে বিবেচনা করা উচিত।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে, রাশিয়া যা দাবি করছে তার চেয়ে ২০-৩০ গুন বেশি রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছে।
