দৌলতদিয়া ঘাটে ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:২৬ পিএম

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ফের দেখা দিয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি। প্রায় ৫ কিলোমিটার সড়ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

ঘাটের ভোগান্তি ও যানজট নিরসনের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২০টি ফেরি থাকলেও আজ ১৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির ঘাট সূত্র জানিয়েছে, বাংলাবাজার-শিমুলিয়া ফেরি ঘাট দিয়ে কাভার্ডভ্যান ও পণ্যবোঝাই ট্রাক পারাপার না করানোর জন্য দৌলতদিয়া প্রান্তে বাড়তি ট্রাকের চাপ রয়েছে। এর ফলে দৌলতদিয়া ঘাটে যানজট ধারাবাহিকভাবে লেগেই আছে।

আজ সকালে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড সড়ক পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি।

চুয়াডাঙ্গা থেকে আসা কাভার্ডভ্যান চালক সাইদুর রহমান বলেন, গত রাত ২টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের সামনে এসে আমাদের ট্রাক এসে দাঁড়ায় কিন্তু একই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। ঘাটের এই সব দেখে আমাদের আর ভালো লাগে না এইটা কোনো সিস্টেম হইলো? খাওয়ার ঠিক নাই ঘুমানোর ঠিক নাই।

কাভার্ডভ্যান চালক মুরাদ হোসেন বলেন, এইসব বলে কি হবে আমাদের কষ্ট কেউ বুঝে না, ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় আমাদের গোসল, টয়লেট, খাবারের অনেক সমস্যা হয়, যা ইনকাম হয় সব রাস্তায় খরচ হয়ে যাচ্ছে। ঘাটের এই ভোগান্তি কোনো দিনও ঠিক হবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার না করানোর জন্য দৌলতদিয়া প্রান্তে বাড়তি চাপ রয়েছে, যার কারণে ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করার জন্য অনেকটা প্রভাব পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত