ইংলিশ পেসার মার্ক উডের বিকল্প হিসেবে অ্যান্ড্রু টাইয়ের সঙ্গে চুক্তি করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট (এলএসজি)।
কনুইয়ের চোটে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন উড। এই মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের প্রথম টেস্টে চোট পান এই পেসার।
অস্ট্রেলিয়ার হয়ে ৩২টি টি-টোয়েন্টি খেলে ৪৭ উইকেট পেয়েছেন টাই। এছাড়া আইপিএলে ২৭ ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী পেসার।
এর আগে, উডের বিকল্প হিসেবে তাসকিন আহমেদকে নিতে চেয়েছিল লক্ষ্ণৌ। তার জন্য বিসিবি’র সঙ্গে যোগাযোগ করেছিলেন আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর। পুরো মৌসুমের জন্য তাসকিনকে চেয়েছিল লক্ষ্ণৌ। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় ২৬ বছর বয়সী পেসারকে ছুটি দেয়নি বিসিবি।
লক্ষ্ণৌ এক বিবৃতিতে জানায়, টাইয়ের সঙ্গে তারা গিঁট বেঁধেছে এক কোটি রুপিতে। গত আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও রানার-আপ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে ২৬ মার্চ পর্দা উঠবে আইপিএলের নতুন আসরের। লক্ষ্ণৌর অভিযান শুরু হবে ২৮ মার্চ, আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের বিপক্ষে।
