ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে নিজেই বদলির আবেদন করলে পার্শ্ববর্তী উপজেলা কাউখালীতে বদলির আদেশ হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের।
এ খবর ছড়িয়ে পড়লে সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হন। পরে সাড়ে নয়টার দিকে তারা মহাসড়কে মানববন্ধন করে ও সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স,কর্মকর্তা ও কর্মচারীরাও অবরোধে যোগ দেন। অবরোধকারীরা রাসেলের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।
অবরোধকারীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই দিকে প্রায় দুই শতাধিক যানবাহন আটকে পড়ে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান খান, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা স্বাস্থ্য সহকারী পরিষদের সভাপতি জুবায়ের হোসেন ও জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
পরে দুপুর বারটার দিকে জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থলে এসে অবরোধকারীদের এ বিষয়ে আশ্বস্ত করলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
