ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় ম্যাডেলিন অলব্রাইটের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ম্যাডেলিন অলব্রাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ১৯৯৯ সালে কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তা প্রশংসনীয়।

১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী মাইকেল ডুকাকিসের পক্ষে প্রচারণায় ম্যাডেলিন অলব্রাইটের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ড. মোমেন বলেন, তিনি একাধারে ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী, কঠোর পরিশ্রমী ও একজন পরিণত শিক্ষক।

ক্যানসারে ভুগে ৮৪ বছর বয়সে বুধবার ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যু হয় বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত