জমিতে পানি না পাওয়ার ক্ষোভে কৃষকের আত্মহত্যা!

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:১৭ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে কৃষি জমিতে গভীর নলকূপ থেকে পানি পেতে দেরি হওয়ার ক্ষোভে এক ক্ষুদ্রনৃগোষ্ঠীর এক যুবক কীটনাশক পান করে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অসুস্থ আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের নাম অভিনাথ মার্ডি (৩০)। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চাচাতো ভাই একই এলাকার রবি মার্ডিকে (৩২)।

পরিবারের সদস্যরা বলছেন, ধানের জমিতে পানি দেওয়ার জন্য তারা গত বুধবার জমিতে গিয়েছিল। কিন্তু গভীর নলকূপ অপারেটর জানিয়েছেন পানি পেতে সময় লাগবে। পানি না পেয়ে তারা ক্ষোভে জমিতে দেওয়ার কীটনাশক পান করেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি তারা তদন্ত করছেন। এখনই নিশ্চিত করে বলা যাবে না মৃত্যুর কারণ কী। 

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, এখন খরার মৌসুম সবাই সিরিয়াল অনুযায়ী পানি পাচ্ছে। এখন জমিতে পানি বেশি লাগছে। গত কয়েক দিন থেকেই তাপমাত্রা ৪০-এর কাছাকাছি চলছে। তার পরও বরেন্দ্র এলাকা।

ড্রাইভারের কথা হলো আমার সিরিয়ালি পানি দিচ্ছি। কেউ ৫ দিন পরে পাচ্ছে। কেউ ৭ দিন পরে পাচ্ছে। নলকূপের ক্ষমতা হচ্ছে ১৫০ বিঘা জমিতে পানি দেওয়ার। কিন্তু ধান চাষ হয়েছে ২৫০ বিঘা জমিতে। চেয়ারম্যান সোহেল বলেন, পরিবারের দাবি তিনি মাঠেই বিষ খেয়েছেন। তবে বাড়িতে ছিল। তাকে একটি অটোওয়ালা সন্ধ্যায় বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। পরে রাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার বিকেলে গভীর নলকূপ থেকে পানি নেওয়ার জন্য বাড়ির পাশেই জমিতে যায় দুই চাচাতো ভাই। কিন্তু নলকূপ অপারেটর জানান, আজ পানি দেওয়া যাবে না।

সিরিয়াল অনুযায়ী পানি দেওয়া হবে। পানি না পাওয়ায় ওই সময় অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত