স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসাবে রবিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি।
শুক্রবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘কালুরঘাট বেতার কেন্দ্রকে আমরা মনে করি মুক্তিযুদ্ধের সূচনালগ্নের একটা কেন্দ্র, ঐতিহাসিক একটি ঘটনা। এই ঐতিহাসিক স্থানটিকে আমরা মূল্যায়ন করে ২৭ মার্চ শ্রদ্ধা নিবেদন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, ওই দিন (রবিবার) দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি, জাতীয় কমিটি এবং দল ও অঙ্গসংগঠনের নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (শনিবার) রাজধানী ঢাকায় দলের পক্ষ থেকে শোভাযাত্রা করা হবে। শোভাযাত্রাটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এছাড়া সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।
