বেগমগঞ্জে আহত ৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে সংঘর্ষ

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১:৫৫ পিএম

বেগমগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। আহতরা হলেন দীপক সাহা (৪২), সুমন (৩২) ও বিজয় (২২)।

গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

জানা গেছে, সকাল ১০টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাস বক্তৃতায় সম্মেলনটা বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানান। এ সময় হলরুমে উপস্থিত অনেক সাধারণ সদস্য তার কথায় সমর্থন জানায়। এ ঘটনার জের ধরে সম্মেলন আয়োজক কমিটির অনুসারী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে হট্টগোল, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল বলেন, প্রতিনিধি সম্মেলনের কথা বলে ত্রি-বার্ষিক সম্মেলন করায় মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে। এতে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই অনুষ্ঠান করতে আয়োজকরা পুলিশকে জানায়নি। হাতাহাতির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগও করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত