সাটুরিয়ায় পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে আ.লীগের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুষ্পস্তবক অর্পণ করতে আসা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ত্রিশ মিনিট ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে পরে সাটুরিয়া থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন নিয়ম অনুযায়ী সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শুরু করেন। বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি মো. রহুল আমিন শহীদ বেদিতে ফুল দেন। পরে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল সালাম সরদার সমর্থকদের নিয়ে ফুল দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মো. রুহুল আমিন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে থেকে কেউ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারে না। পরে রহুল আমিনের সমর্থকরা উত্তেজিত হলে হট্টগোল বাঁধে। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ফুকুরহাটির নাজমুল হোসেন আহত হন। নাজমুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাটুরিয়া থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা–কর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছি। এরপর আওয়ামী লীগের ব্যানারে বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী এবং তার সমর্থকরা পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এটা তো হতে পারে না। ইউনিয়ন আওয়ামী লীগ তো একটা, দুটি হতে পারে না। এ বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নেতা-কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হয়। যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করি। পরে আওয়ামী লীগের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করি। বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন আপত্তি করলে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা আমাদের সামনেই ঘটে। জাতীয় দিবসে প্রকাশ্যে এমন ঘটনায় আমরা বিব্রত। সিনিয়রদের সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, আমি উপস্থিত না থাকলে আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনার সাথে সাথে নেতাকর্মীদের শান্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে হট্টগোল হয় সকাল ৮ টার দিকে। আমি ও আমার ফোর্স মিলে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত করি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত