স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে শহীদ মিনারে ফুল দেওয়ার অপেক্ষায় থাকা ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর যুব ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। ছাত্র অধিকার পরিষদের দাবি, এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
ছাত্র অধিকার পরিষদের নগর শাখার সভাপতি আমির হোসেন সংবাদমাধ্যমে বলেন, স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে নেতা-কর্মীদের নিয়ে বেলা সাড়ে ১১টায় মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে যান। ওই সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ফুল দিচ্ছিলেন। তাই পুলিশ তাদের এক পাশে সরিয়ে দেয়। এরপর তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন। যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে নেমে আসার পর হঠাৎ লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সবাই কমবেশি মারধরের শিকার হয়েছেন। অন্তত ৭-৮ জনকে চিকিৎসা নিতে হয়েছে।
হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা ফুল দিতে এলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়েছেন। এর সঙ্গে যুব ও স্বেচ্ছাসেবক লীগের কেউ জড়িত নন।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীদের তর্কাতর্কি হওয়ার কথা তারা শুনেছেন। তবে কারও আহত হওয়ার খবর তারা পাননি।
