মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নিলু মাদবর (৬৫)।
শনিবার রাত ২টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজারের পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিলু মাদবর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের কদম মাদবরের ছেলে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিকট আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। এ সময় তারা সাদিপুর বাজারের কাছে আসলে বিপরীত দিক শিবচরের বাহাদুরপুর থেকে মাটি আনলোড করে আসা একটি ড্রাম ট্রাক পথচারী মনোয়ারা বেগম ও নিলু মাদবরকে সামনে থেকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। এ সময় ড্রাম ট্রাকটি রাস্তার ডান পাশে একটি রেন্ডি গাছে ধাক্কা লাগে।
পরে তাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিলু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শিবচর থানা-পুলিশের একটি দল ড্রাম ট্রাক ও চালক মো. হোসেনকে (২২) আটক করে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত মনোয়ারা বেগমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আটক চালক বর্তমানে শিবচর থানা-পুলিশ হেফাজতে রয়েছে।
