কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা মানব পাচারকারী আটক

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:২৫ পিএম

সৌদি আরব ও রোমানিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে থাকা মিনহাজ উদ্দিন (৪২) নামের এক মানব পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে কটিয়াদি থানায় সোপর্দ করা হয়।

মিনহাজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক মিনহাজ দীর্ঘদিন ধরে সৌদি আরব ও রোমানিয়ায় উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে ৩/৪ লাখ টাকা হাতিয়ে নিতেন। পরে ওই সব দেশে পাঠিয়ে মানব পাচার চক্রের সদস্যদের মাধ্যমে আটক করে দেশে থাকা অভিভাবকদের কাছে অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে প্রবাসে থাকাদের উপর চালাতো নির্যাতন।

সম্প্রতি ২০/২৫ জনের কাছ থেকে প্রায় কোটি টাকার মতো হাতিয়ে নিয়ে আত্মগোপন করেন মিনহাজ। তাকে না পেয়ে ওইসব ভুক্তভোগী লোকজন শনিবার ভৈরব র‌্যাব ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেন মিনহাজের বিরুদ্ধে।

সেই অভিযোগের প্রেক্ষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিনহাজকে আটক করে র‌্যাব।

মিনহাজের আটকের খবরে এখলাছুর রহমান নামের এক ভুক্তভোগী আজ রবিবার সকালে মানবপাচার বিরোধী আইনে কটিয়াদি থানায় একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত