স্বাধীনতা দিবসে ছাত্রলীগকে মুহাম্মদ জাফর ইকবালের উপদেশ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৪:০৩ পিএম

স্বাধীনতা ও জাতীয় দিবস ছাত্রলীগকে দোষ না করার যৌক্তিকতা দেখিয়ে উপদেশ দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

শনিবার সরকারি তিতুমীর কলেজের অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপদেশ দেন।

বাংলাদেশ ছাত্রলীগকে উদ্দেশ্য করে জাফর ইকবাল বলেন, তোমাদের (ছাত্রলীগ) ওপর দায়িত্ব অনেক বেশি। তোমরা ভুল করলে দোষ হবে শেখ হাসিনার, বঙ্গবন্ধুর। কাজেই তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, শেখ হাসিনাকে ভালোবাসো, তোমরা ভুল করবে না।

রাজাকার আলবদরদের প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, একটা সময় শিশুরা জিজ্ঞেস করতো, রাজাকাররা কীভাবে এ দেশের মন্ত্রী হয়? তখন আমি কোনো জবাব দিতে পারতাম না। রাজাকার, আলবদর, যারা মুক্তিযোদ্ধাদের গলা কেটেছে, তারাই এ দেশের মন্ত্রী।

তিনি বলেন, কিন্তু বঙ্গবন্ধুকন্যা সকল যুদ্ধাপরাধীর বিচার করেছেন। এখন এ দেশের বাচ্চাদের ডেকে আমরা বলতে পারি, দেখেছো, আমরা ৪০ বছর পর হলেও বিচার করে তাদের ফাঁসিতে ঝুলিয়েছি। আমরা গ্লানিমুক্ত হয়েছি। যে রাজাকার এ দেশ চায় নাই, তাদের আমরা বিচার করেছি। বাংলাদেশ এখন মুক্তিযোদ্ধাদের দেশ। আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দেওয়া হচ্ছে। তাদের জন্য সম্মানজনক ভাতা প্রদান করা হচ্ছে। আমরা আবার আমাদের বাংলাদেশে ফিরে যাচ্ছি, যেভাবে বাংলাদেশের জন্ম হয়েছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক এসএম আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসিমা আক্তার চৌধুরী, নৃত্য পরিবেশন করেন সরকারি তিতুমীর কলেজের আদিবাসী সংগঠনের একদল সদস্য, দলীয় আবৃত্তি প্রদর্শন করে শুদ্ধস্বর কবিতা মঞ্চ, সরকারি তিতুমীর কলেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত