আগুন লেগে মৌলভীবাজারের কুলাউড়ায় পুড়ে গেছে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। এতে তিন উপজেলায় ছয় ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ সঞ্চালন। এ ছাড়া ভোলার চরফ্যাশনে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান, ঠাকুরগাঁওয়ে ১০ ঘর ও নীলফামারীর ডোমারে ১৩টি দোকান অগ্নিকান্ডে পুড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকা-ে কুলাউড়াসহ তিন উপজেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর সচল করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকা- সংঘটিত হয়।
জানা যায়, কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিক অগ্নিকান্ডে ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী, বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, অগ্নিকান্ডে কন্ট্রোলরুমের ১১ হাজার কেভি লাইনের ইন-কামিং ব্রেকারসহ অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট হয়। পরে ৬ ঘণ্টা পর দুপুর ২টায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়।
ভোলা : চরফ্যাশন শহরের শরীফপাড়া বাজারে অগ্নিকান্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রবিবার ভোরের দিকে ওই এলাকায় ইয়াকুব মিয়ার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি স্টিলের আলমারির দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
ঠাকুরগাঁও : সদর উপজেলার গড়েয়াহাটের একটি বস্তিতে অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানায়, শনিবার গভীর রাতে বস্তির একটি বাড়িতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ওই বস্তির ৭ পরিবারের ১০টি ঘর পুড়ে যায়। পরে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী : ডোমার উপজেলায় ১৩টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল রবিবার ভোররাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের সন্ন্যাসী বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। গোমনাতি ইউনিয়ন চেয়ারমান আহমেদ ফয়সাল শুভ বলেন, দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করায় বাজারের আরও দুই শতাধিক দোকান রক্ষা পায়।
