ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১:২১ পিএম

বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা গ্রামে ট্রেনের ধাক্কায় আহত সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাদশা মিয়া (৪৫) মারা গেছেন। গত শনিবার মধ্যরাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা মিয়া ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকনা পটল গ্রামের সামছু মিয়ার ছেলে। এর আগে শনিবার বিকেলে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (২৫) মারা যান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি আমুলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক জাহিদুল ইসলাম নিহত ও দুই যাত্রী আহত হন। আহতদের প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত