টানা তিন ম্যাচে নব্বইয়ের ঘরে আউট হওয়ার পর এবারের ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন নাঈম ইসলাম। সেঞ্চুরি করেছেন ভারতের চিরাগ জানিও। দুই সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২৯৫ রান তাড়া করে জয়ে মোটেও ভাবতে হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জকে। শেষদিকে বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৯ রানে জিতে যায় মাশরাফীর দল।
ইউল্যাব ইউনিভার্সিটির মাঠে জাকির হাসানের ৯১ রান এবং ভারতের বাবা অপরাজিতের ৭২ রানের ইনিংসে ২৯৪ রানের পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ৫৫ রানে নেন ২ উইকেট। রান তাড়ায় ৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল লিজেন্ডসরা। এরপর তৃতীয় উইকেটে জুটি গড়েন চিরাগ ও নাঈম। তাদের ২৩৮ রানের জুটি ভাঙে চিরাগ ফিরলে। চিরাগের ১০৯ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কা। এটি লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চিরাগের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির সঙ্গে বোলিংয়েও ৪৯ রানে ২ উইকেট পাওয়ায় ম্যাচসেরা হন চিরাগ। নাঈম এবার অপরাজিত ১১৪ রান নিয়ে। তার ১৩০ বলের ইনিংসে ২ ছক্কার পাশে ৮ চার। ৪২ বলে যখন ৩৭ রান প্রয়োজন তাদের, হানা দেয় বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি। পাঁচ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্টে টেবিলের তিনে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপিতে চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের ডিপিএলে জামালের প্রথম হার এটি।
সাভারের তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বাদার্স ইউনিয়নের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২৯৭ রান করেও মাত্র ৬ রানে ম্যাচ জেতে গাজী গ্রুপ। গাজীর ফরহাদ হোসেন করেন ৯২ রান। অধিনায়ক আকবর আলি করেন ৪২। এছাড়া বাকি সবার সম্মিলিত রানে বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। ব্রাদার্সের ইমতিয়াজ হোসেন সেঞ্চুরি করেন।
