জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ আমাদের সঙ্গে চাকর-বাকর ও দাসী-বান্দির মতো আচরণ করছে।
তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্রগত কোনো পার্থক্য নেই। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। প্রাতিষ্ঠানিকভাবে স্বৈরতন্ত্র চলছে। দেশের মানুষ সঠিক কথা বলতে ভয় পায়। দেশের মানুষ চেয়ে আছে তৃতীয় শক্তির দিকে। জাতীয় পার্টি হতে পারে সেই বিকল্প শক্তি।
এ জন্য দলীয় নেতাকর্মীদের আরো সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
জিএম কাদের বলেন, ’৯১ এর পরের সরকারগুলো এরশাদের নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরও তার নাম মুছে দেওয়া সম্ভব হয়নি। তার চারটি জানাজায় অভূতপূর্ব লোক সমাগম প্রমাণ করেছে, তিনি কত জনপ্রিয়। তিনি যতবার যত আসনে নির্বাচন করেছেন সবকটিতে জয়ী হয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো নৈতিক পার্থক্য নেই। দুর্নীতিতে বিএনপি চারবার, আওয়ামী লীগ একবার চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি দেশে প্রথম বিচারবহির্ভূত হত্যা শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রকে হত্যা করেছে তারা।
তিনি বলেন, আওয়ামী লীগ উপনির্বাচন ও ইউপি নির্বাচনে আমাদের অবহেলা করছে। আমাদের সঙ্গে চাকর-বাকর ও দাসী-বান্দির মতো আচরণ করছে।
তিনি বলেন, আসন্ন রমজান। দ্রব্যমূল্যে দিশেহারা মানুষ। নিত্যপণ্যের বাজারমূল্য চরমে। উন্নয়নের কথা বলে দেশের মানুষকে গলা টিপে মারছে। সামনে যদি ইউক্রেনে যুদ্ধ আরো বেড়ে যায় তাহলে কী হবে আল্লাহ জানেন?
জিএম কাদের আরো বলেন, বাংলাদেশে এখন মাত্র তিনটি দল আছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। নির্বাচনের সময় তিনটি জোট হবে। একটি সরকার বিরোধী, আরেকটি সরকারের। বর্তমান সময়ে বিএনপি নেতৃত্ব সংকটে রয়েছে। সুতরাং নেতৃত্ব জাতীয় পার্টির কাছে আসতে পারে।
তিনি মঙ্গলবার দুপুরে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে, মুজিবুর রহমান ও জহির মজুমদার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক নাজমা আক্তার এমপি, প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন, অ্যাডভোকেট রবিউল হক রবি, শাহরিয়ার ইকবাল ও জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি প্রমুখ।
সম্মেলনে জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, আব্দুল ওয়াদুদ, জহির উদ্দিন মজুমদার, অ্যাডভোকেট কাজী রবিউল হক, ফেনী সদর জাপার আহ্বায়ক আজিজুল রসুল মিলন, পৌর জাপার আহ্বায়ক আলম বাঁশি, পরশুরাম উপজেলা জাপার সভাপতি রফিকুল ইসলাম, ছাগলনাইয়ার কাজী জাহাঙ্গীর, সোনাগাজী জাপার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জাফর আহমেদ, জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, জাপা নেতা ইয়ামিন হাসান ইমন, জেলা মহিলা পার্টির আহ্বায়ক ফারহানা আইরিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খন্দকার, ফেনী জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মোর্শেদসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদার ভিপি জহিরকে সাধারণ সম্পাদক নাম ঘোষণা করেন।
