পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ক্ষুদ্র ও রাজনৈতিক স্বার্থে যেন বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতির সম্মুখীন না হয়। দেশের জন্য ও আমাদের বৃহত্তর স্বার্থের জন্য এদিকে খেয়াল রাখতে হবে।
গতকাল বুধবার বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনার তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) সেমিনারটির আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের সম্পর্কের অবস্থান নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করে থাকেন। এই সন্দেহ কেন সৃষ্টি হচ্ছে, সেটা আমি বুঝতে পারি না। এটি একটি অমূলক ধারণা।’
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের পারস্পরিক ভিত্তি হলো পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র।’ বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ড. অরবিন্দ গুপ্ত বলেন, ‘উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে।’
