যশোরে মাছ চাষ ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৫:১৫ এএম

যশোরে মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতিতে হ্যাচারি ও নার্সারি পরিচালনা এবং ব্যবসার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা মৎস্য অধিদপ্তরের সভা কক্ষে স্ট্র্যাটেজিস ফর ইনক্লুসিভ অ্যাকুয়াকালচার ভেল্যু চেইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে মৎস্য হ্যাচারি ও নার্সারি মালিকদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অঙ্গ সংগঠন ফিড দ্য ফিউচার ইনোভেশনাল ফর ফিশের অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. মদন মোহন। অন্যদের মধ্যে আলোচনা করেন ফিড দ্য ফিউচার ইনোভেশনাল ফর ফিশের এশিয়া অঞ্চলের সমন্বয়কারী ড. এম গোলাম হোসাইন ও যশোর জেলা মৎস্য অফিসার ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধাপক মো. তকিবুর রহমান। এছাড়া যশোর ও আশপাশের জেলার ৩৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত