৯৯৯-এ থেকে ফোন পেয়ে দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেলের তালা ভেঙে পরীক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেলের ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ।
দিনাজপুর শহরের মালদহপট্রি গ্র্যান্ড পুনর্ভবা আবাসিক হোটেলের শুক্রবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিক্ষার্থী আরিফাতুজ্জামান। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে। শুক্রবার অনুষ্ঠিত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সকাল পৌনে ১০ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারকে ৯৯৯-এ থেকে ফোন দিয়ে জানানো হয় শিক্ষার্থী হোটেল গ্র্যান্ড পুনর্ভবা হোটেলে আটকা পড়েছে। পরে এএসআই নবী গোপাল রায় হোটেলের সামনে গিয়ে ম্যানেজারকে একাধিকবার ফোন দেয়। কিন্তু হোটেলের ম্যানেজারের ফোন না থাকায় হোটেলের মেইন গেটের তালা ভেঙে ৫ তলার ডি-১ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে পুলিশের মোটরসাইকেল যোগে ওই শিক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।
হোটেলের ম্যানেজার আল আমিন রহমান বলেন, অসুস্থতার কারণে রাতে ডিউটিরত হোটেল বয়কে ছুটি দেয়া হয়েছে। আমিও মোবাইল সাইল্যান্স করে ঘুমিয়ে ছিলাম তাই এই ঘটনা ঘটেছে।
পরীক্ষার্থী আরিফাতুজ্জামানের ভাই আব্দুর রফিক জানান, বৃহস্পতিবার বিকেলে হোটেলে ওঠেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়ার সময় প্রধান ফটকে তালা মারা গেছেন। পরে ম্যানেজারকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। সর্বশেষ বাধ্য হয়ে ৯৯৯-এ ফোন দেয়া হলে পুলিশ আমাদের উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক জানান, মেয়েটিকে নিয়ে পুলিশ কলেজের পরীক্ষা কেন্দ্রে আসে। আমি তাৎক্ষণিক ওই মেয়েকে তার পরীক্ষায় অংশগ্রহণের জন্য কক্ষে প্রেরণ করেছি। আমি পুলিশকে ধন্যবাদ জানাই তারা দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে পরীক্ষা কেন্দ্রে আনতে পারছেন। অন্যথায় মেয়েটির একটি বছর নষ্ট হয়ে যেত।
