টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ ২ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দ মাদকের মধ্যে আইসের ওজন ১.০৬৯ কেজি ও ইয়াবা ছিল ৫৪ হাজার পিস।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন জানতে পারে, দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৮ থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে।
ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল জালিয়ারদ্বীপ এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত পৌনে ১টার দিকে টহলদল একটি নৌকাকে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। নৌকাটি শূন্য রেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে আসলে টহলদল চ্যালেঞ্জ করে।
আরোহীরা বিজিবি’কে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে টহলদল ফায়ার করে থামানোর চেষ্টা করে। এতে একজন চোরাকারবারি নৌকা থেকে লাফিয়ে নদী দিয়ে মিয়ানমারে পালিয়ে গেলেও অপর ২ জন আটক হয়।
বিজিবি জানায়, নৌকা তল্লাশি করে পাটাতনের নিচে একটি বস্তার ভেতরে ৬ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক দুই মিয়ানমারের নাগরিক হলেন রোহিঙ্গা ডং গ্রামের মো. জুবায়ের আহমদ (২২) ও দাওয়ান আলী গ্রামের মো. রফিক (২৩)।
