দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের। পোর্ট এলিজাবেথ টেস্ট শুরু হবে ৭ এপ্রিল থেকে। তার আগেই দেশে ফিরবেন বাংলাদেশের এই দুই পেসার।
রবিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, চোটের কারণে তাসকিন ও শরীফুল দেশে ফিরে আসবেন।
তিনি বলেন, ‘স্ব-স্ব চোটের কারণে দেশে ফিরছেন উভয়ে এবং আমরা কোনো বদলি পাঠাচ্ছি না। স্কোয়াডে আমাদের আরও চারজন পেসার আছে। অতএব আমরা সামাল দিতে পারব।’
ডারবানে দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডান কাঁধে চোট পান তাসকিন। যার ফলে তৃতীয় দিন বিকেলে এবং চতুর্থদিন সকালে তেমন বোলিংয়ে দেখা যায়নি তাকে।
এই ডানহাতি পেসারকে বিকেলে পাঁচ ওভার বল করতে দেখা যায়। যার মধ্যে ডারবান টেস্টে নিজের প্রথম উইকেট হিসেবে ডিন এলগারকে ফেরান।
অন্যদিকে, পিঠের চোটের কারণে ডারবান টেস্টে নেই শরীফুল। পোর্ট এলিজাবেথ টেস্টেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। আশা করা হচ্ছে, ৫ এপ্রিল দেশে ফিরতে পারেন তাসকিন-শরীফুল।
