পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, পত্রিকা কার্যালয়ে ভাঙচুর

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:৩৭ পিএম

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের বিবদমান দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাতক্ষীরার স্থানীয় দৈনিক ‘কালের চিত্র’ কার্যালয়ে শ্রমিকরা ভাঙচুর করেন।

শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম জানান, সকালে জাহিদের অনুসারী শ্রমিক আকতার, টিপু, শাহজাহান ও মিলন রবি মহব্বতের সমর্থক মাসুম ও রতনকে বাস টার্মিনাল থেকে মারধরের পর বের করে দেন। পরে রবির লোকজন এসে তাদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। এ সময় শ্রমিকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এলে তাদের সামনেই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত দৈনিক কালের চিত্র কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালা ভাঙচুর করেন শ্রমিকরা।

শ্রমিক নেতা মহব্বত হোসেন জানান, সাতক্ষীরা বাস মিনিবাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল গত শনিবার। উচ্চ আদালতের আদেশে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত রয়েছে। এ খবর প্রকাশ করায় কালের চিত্র কার্যালয়ে হামলা চালান শ্রমিকরা।

সদর থানার ওসি গোলাম কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় কেউই মামলা করেননি।

এদিকে পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুরের নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের আহ্বায়ক ফারুক মাহবুবুর রহমান, জেলা সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরী, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত