নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২:৫২ পিএম

নীলফামারীতে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে জেলা সদরের গোড়গ্রাম হাজিগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের নারায়ণ রায়ের স্ত্রী ও দুই সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীরবাজার এলাকার সানটেক্সস গার্মেন্টস নামে একটি পাপোশ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

প্রতিদিনের মতো সকাল ৭টায় কর্মস্থানে যোগদানের জন্য বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে বের হন। হাজিগঞ্জ বাজারের কাছে এসে পৌঁছালে প্রতিমা রানীর ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।

এতে ওড়নার অপর অংশের মাধ্যমে গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়েল বিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার ওসি আব্দুর রউপ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত